সোমবার, মার্চ ১৬, ২০২৬

আদিনাথ: রাবণের হাতে যেখানে মহাদেবের অধিষ্ঠান

অষ্টভূজা মন্দিরে হিন্দুদের পাশাপাশি রাখাইন সম্প্রদায়ের অনেক অনুসারীকে পূজা অর্চনা করতে দেখা যায়।

ইমন কল্যাণ ঘোষ

সাগর বক্ষে এক অনন্য পার্বত্য দ্বীপ। সেই দ্বীপের পাহাড় চূড়ায় মহাদেবের অধিষ্ঠান। ভৌগলিক অবস্থানের কারণে ব্যতিক্রমী এই মহেশখালী দ্বীপের শ্রী শ্রী আদিনাথ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান।

কক্সবাজার জেলার মহেশখালী, সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটা এই চারটি দ্বীপ নিয়ে মহেশখালী উপজেলা। এরমধ্যে মহেশখালী হলো পার্বত্য দ্বীপ। যা ভূ-প্রাকৃতিক ভাবে অনন্য। লবণ চাষ, সামুদ্রিক মাছ আহরণ, শুটকি উৎপাদন আর পানের জন্য বিখ্যাত মহেশখালী উপজেলা। অবাক করা তথ্য হলো, মহেশখালীতে মুক্তা উৎপাদনও হয়।

এখানকার আদিনাথ মন্দিরে যেতে হলে কক্সবাজার শহর থেকে আসতে হবে মহেশখালী জেটি ঘাটে। সেখান থেকে স্পিড বোটে চড়ে মাত্র ৩০ মিনিটে পৌঁছে যাবেন মহেশখালীতে। ঘাটে নেমেই দেখবেন দ্বীপে যাবার রাস্তার দুপাশে ম্যানগ্রোভ বন। সবুজে ঢাকা সেই পথ আপনাকে নিয়ে যাবে বাজার পর্যন্ত। সেখান থেকে ব্যাটারিচালিত রিকশা, টমটম বা সিএনজিচালিত অটোরিকশা করে চলে যেতে পারবেন আদিনাথ মন্দিরে।

প্রচলিত জনশ্রুতি – ছোট মহেশখালীর বাসিন্দা নুর মোহাম্মদ সিকদার তৎকালীন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি মাঝে মাঝে পাহাড়ে হরিণ শিকার করতে যেতেন। একদিন হরিণ শিকার করতে গিয়ে সারাদিন এদিক ওদিক ঘুরেও শিকারের সন্ধান না পেয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেলেন। হঠাৎ একটা শব্দে তার তন্দ্রা ছুটে যায়। শব্দ অনুসরন করে তিনি দেখতে পান, একটি গাভী একটি মসৃণ শিলাখন্ডের উপর দুধ দিচ্ছে। ওই গাভীটি তার গোয়াল ঘর হতে কিছুদিন পূর্বে হারিয়ে যায়। গাভী আর সেই সুন্দর শিলাখন্ডটি নিয়ে বাড়ি ফিরে আসেন নুর মোহাম্মদ সিকদার। সেদিন রাতে তিনি এক স্বপ্ন দেখেন। স্বপ্নে এক মহাপুরুষ বললেন, শিলাখন্ডটি একটি দেব বিগ্রহ। এ বিগ্রহ যেখান থেকে নিয়ে এসেছেন সেখান রেখে তার উপর একটি মন্দির নির্মাণ করতে হবে। মন্দিরের নাম হবে আদিনাথ মন্দির। এ আদিনাথের ১০৮টি নামের মধ্যে মহেশ অন্যতম। এ মহেশ নাম হতে এ স্থান পরবর্তীতে মহেশখালী হয়ে যায়। এই জনশ্রুতি আনুমানিক ষোড়শ শতকের।

ইতিহাসবিদ অধ্যাপক ড. সুনীতি ভূষন কানুনগোর মতে, ১৫৫৯ সালের প্রচন্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মহেশখালী দ্বীপের সৃষ্টি। ক্রিসার ফেডরিক (Creaser Federick) নামের এক পর্তুগীজ ভ্রমণকারী আরাকান অঞ্চলে ১৫৫৯ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। তাছাড়া দ্বীপের পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে অনুমিত হয় যে, দ্বীপটি এক সময় মূল ভূখন্ডের সাথে সংযুক্ত ছিল।

আদিনাথ মন্দিরের বর্তমান অবকাঠামো ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন। আবার হিন্দু ধর্মীয় বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে, কয়েক হাজার বছর পূর্বে ত্রেতাযুগে এ মন্দিরের গোড়াপত্তন হয়েছে।

রামায়ণে বর্ণিত আছে, ত্রেতাযুগে রাম রাবণের যুদ্ধ হয়। যুদ্ধে রামকে পরাজিত করার জন্য রাবণ শিবের উপাসনা করে অমরত্ব কামনা করেন। শিব বর দিয়ে শর্ত দিলেন, কৈলাস থেকে শিবরূপী শিবলিঙ্গ মাথায় করে লঙ্কায় নিয়ে এসে পূজা করতে হবে। পথে কোথাও রাখা যাবে না। দৈবাৎ রাখলে তা আর উঠানো যাবে না। সেই স্থানেই অবস্থান নিবেন শিব। রাবণ শর্ত মেনে নিয়ে মহাদেবকে মাথায় করে রওনা হলেন। যাত্রা পথে এই মৈনাক পর্বতে শিবকে রেখে রাবণ প্রাকৃতিক ডাক সেরে ফিরে এসে শিবকে আবার উঠাতে চাইলে শর্তানুযায়ী শিব আর উঠলেন না। এই মৈনাক পর্বতেই হয়ে গেল তার অধিষ্ঠান। এভাবে অনেক বছর যাওয়ার পর এই মন্দির তীর্থস্থান হয়ে উঠে।

হিন্দু সম্প্রদায়ের লোকজন মনে করেন আদিনাথ জ্ঞানময়, কল্যাণময়, মঙ্গলময়, চিরসত্য, শাশ্বত, সনাতন। তিনি ব্যাপ্ত চরাচরে অব্যক্ত ভগবান তাই সনাতন জনগণ মাত্রই শিবভক্ত, শিব উপাসক। মুক্তি লাভের এবং মনস্কামনা পূরণের জন্য শ্রী শ্রী আদিনাথ দর্শনই সর্বশ্রেষ্ঠ পুণ্য।

উপজেলার গোরকঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে আদিনাথ মন্দিরের অবস্থান। মূল আদিনাথ মন্দিরের পশ্চিম পাশের কক্ষে অষ্টভুজা দেবীর মন্দির আর পূর্বের কক্ষে আদিনাথের মন্দির। এই অষ্টভূজা মন্দির ঘিরেও আছে একটি ইতিহাস।

আদিনাথ মন্দিরে যাতায়াত হতো নাগা সন্ন্যাসীর। গোরক্ষনাথ তাঁদেরই একজন। যাঁর নামানুসারে মহেশখালী উপজেলার এই ইউনিয়নের নাম- গোরকঘাটা। তিনি শিবের নির্দেশ পান নেপাল থেকে ‘অষ্টভূজা’ মাতা, যা শিবের শক্তি রূপকে মহেশখালীতে নিয়ে আসতে। ১৬১২ সালে নেপালের রাজবাড়ির মন্দির থেকে ‘অষ্টভূজা’ মাতার মূর্তি গোপনে নিয়ে আসার সময় ধরা পড়ে যান নাগা সন্ন্যাসী । তিনি জেল বন্দী হয়ে পড়েন। যে দিন রায় ঘোষণা হবে আগের রাতে নাগা সন্ন্যাসী স্বপ্ন দেখেন, আদিনাথ তাঁকে বলছেন, বিচারক যে প্রশ্নই করুক সন্ন্যাসী যেন মুখে যাই আসে তাই বলে দেন। মহামান্য বিচারক নেপাল রাজাকে মূর্তির রং কেমন জানতে চাইলে রাজা বলেন, কষ্টিপাথরের মূর্তি, রং কালো। নাগা সন্ন্যাসী মহামান্য বিচারকের প্রশ্নের উত্তরে বলেন, মূর্তির রং সাদা। উপস্থিত সকলের সামনে মূর্তিটি যখন অনাবৃত করা হল, দেখা গেল রং সাদা। তাই নাগা সন্ন্যাসীর পক্ষে রায় হয়। সেই থেকে শিবের সাথে পূজা হচ্ছে অষ্টভূজা মায়ের। মহেশখালীতে স্বয়ং অষ্টভূজা রূপে দুর্গাদেবীর অধিষ্ঠান বলে এখানে দুর্গা প্রতিমা বানিয়ে শারদীয় দুর্গা উৎসব পালন করা হয় না, পূজা হয় ঘটে।

অষ্টভূজা মন্দিরে হিন্দুদের পাশাপাশি রাখাইন সম্প্রদায়ের অনেক অনুসারীকে পূজা অর্চনা করতে দেখা যায়। তারা আদিনাথ মন্দিরেও প্রার্থনা করেন।

আদিনাথ মন্দির অঙ্গনে বর্তমানে ভৈরব মন্দির, রাধা-গোবিন্দ মন্দির এবং শনি মন্দির, গোরক্ষ নাথের মন্দির এবং অদ্বৈত- অচ্যুত ধাম আছে। আদিনাথ মন্দিরের পাশের পাহাড়ে একটি রাম-সীতা মন্দির এবং একটি বৌদ্ধ মন্দির আছে।

সমুদ্র পৃষ্ঠ থেকে ৮৫ দশমিক ৩ মিটার উঁচু মৈনাক পর্বতের চূড়ায় আদিনাথ মন্দিরের অবস্থান। মন্দিরে উঠার জন্য আছে ৬৯টি সিঁড়ি।

মন্দির চত্বর থেকে চোখে পড়ে দূরের বঙ্গোপসাগর, আশেপাশে থাকা উপকূলীয় ম্যানগ্রোভ বন এবং পানের বরজ।

মন্দির প্রাঙ্গনে আছে বিরল প্রজাতির একটি পারিজাত ফুল গাছ। বিভিন্ন ধর্মীয় গ্রন্থে গাছটি স্বর্গের রাজা ইন্দ্রের রাজ উদ্যানের ফুল গাছ বলে উল্লেখ আছে। সৌভাগ্য প্রত্যাশীরা এই ফুল গাছে সুতা জড়িয়ে বিভিন্ন মানত করে থাকেন।

আদিনাথ মন্দিরের পেছনে দেখা যায় জোড়া পুকুর। অবাক বিষয় হল, অনেক উপরে হলেও জোড়া পুকুরের পানি কখনো শুকায় না। একটি পুকুরে স্নান করলে রোগমুক্তি হয়, অন্য পুকুরটিতে স্নান করলে জ্বর এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় মর্মে জনশ্রুতি আছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখ লাখ তীর্থ যাত্রী পুণ্য অর্জনের জন্য এ মন্দিরে আসেন। প্রত্যেক বছরের ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের শিবচতুর্দশী তিথিতে লাখো পুণ্যার্থী শিব দর্শন করেন। এই শিবচতুর্দশী পূজা উপলক্ষ্যে ঐতিহাসিক মৈনাক পর্বতের পাদদেশে পক্ষকালব্যাপী মেলা বসে। প্রতি বছরের মত এবারও বসছে আদিনাথে শিব চতুর্দশীর মেলা।

সম্পর্কিত খবর

ইরানের একাধিক শীর্ষ পরমাণু বিজ্ঞানিকে হত্যার দাবি নেতানিয়াহুর

ইসরায়েল-ইরান যুদ্ধের ১৪তম দিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চাঞ্চল্যকর দাবি করলেন। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বিবৃতি দেন ইসরায়েলি হামলায় ইরানের একাধিক শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী...

হাদি খুনে আরও এক অভিযুক্ত ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যায় ভারতের পশ্চিমবঙ্গে ধৃত দুই অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম এবং আলমগীর শেখ।...

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে

আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল...

সংবিধানে ‘সংস্কার পরিষদ’ বলতে কিছু নেই : মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী

আজ রোববার ১৫ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদ...

মন্ত্রী ও এমপিদের চলনে – বলনে মার্জিত ও সতর্ক হতে হবে : মাননীয় প্রধানমন্ত্রী

মন্ত্রী এবং দলীয় সংসদ সদস্যদের চলনে-বলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।...

মন্ত্রী সভায় দায়িত্ব পুনর্বন্টন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

সদ্যই মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পূর্বে বন্টনকৃত...
সর্বশেষ সর্বাধিক পঠিত