ছবি: কমল দাশ
বন্দরনগরী চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা থেকে হিন্দুদের সম-অধিকার ও নিরাপত্তার দাবি উঠে এসেছে। আজ শুক্রবার ৪ আগষ্ট সকালে চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা মোড়ে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বর্ণিল শোভাযাত্রাটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদিঘীর পাড়, কোতোয়ালি মোড়, নিউ মার্কেট, রাইফেল ক্লাব, বোস ব্রাদার্স, বৌদ্ধ মন্দির, মোমিন রোড ঘুরে জে এম সেন হল প্রাঙ্গণে শেষ হয়। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই শোভাযাত্রায় হাজার হাজার হিন্দু ভক্ত অংশ নেয়।
শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন পর্বের ঘটনার আদলে সেজে শোভযাত্রায় আসেন ভক্তরা। অনেকের হাতে দেখা যায় হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার।
শোভাযাত্রার অনুষ্ঠানে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার বলেন, “এই শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী- ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’, সেই বাণীকে মাথায় রেখে এগিয়ে যেতে চাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই দেশটিকে পরিচালনা করতে চাই।” পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ বলেন, “যে অসাম্প্রদায়িক এবং সাম্য ও মৈত্রীর বাংলাদেশ আমরা গড়তে চাই, সেই বার্তা আমরা এই মহাশোভাযাত্রা থেকে দিতে চাই। প্রধানমন্ত্রী যে রেইনবো নেশনের কথা বলেছেন, তাতে সকল ধর্মের মানুষের সম-অধিকার ও নিরাপত্তা পাওয়ার অধিকার আমাদের দাবি। বাংলাদেশি হিসেবে মৌলিক অধিকারগুলো যেন লঙ্ঘিত না হয়। সনাতনীরা যেন শান্তিতে নিরাপদে থাকতে পারে। তাদের চাকরিসহ অন্যান্য অধিকার যেন বাংলাদেশি হিসেবে পায়।”
শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, উদ্বোধক হিসেবে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগরের সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমানের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা কেউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। সকালে বেলুন উড়িয়ে আন্দরকিল্লা মোড় থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়। ঢাক ঢোল বাজিয়ে, বাঁশির সুরে নানা সাজে সজ্জিত ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে র্যালিতে অংশ নেয়।
