চট্টগ্রাম : চট্টগ্রামে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার ( ৯ সেপ্টেম্বর ) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ ঘটনা ঘটে। বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই আহত কর্মকর্তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে আইএসপিআর।
