চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে মইজ্জ্যারটেক এলাকায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ এবং চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নতুন ব্রিজ থেকে ক্রসিং পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সড়কটিতে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বিক্ষোভকারীদের দাবি, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও চার থেকে পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এর ফলে তারা পরিবার–পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে দাবি করেন তারা। তারা চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের স্বপদে পুনর্বহাল, ওএসডি প্রত্যাহার এবং শর্তসাপেক্ষে অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া বন্ধ করতে হবে বলেন। তাদের অভিযোগ, সোমবার সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’–এর সদস্যরা হামলা চালান। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।
পুলিশের অনুরোধে রাত ৮টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ দুই ঘণ্টা সড়ক অবরোধের পর চট্টগ্রাম–১২ পটিয়া আসনের এমপি এনামুল হক এনামের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন বলে জানা গেছে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, চাকরিচ্যুত কর্মকর্তারা সড়কে অবস্থান করায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়। আমরা তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। এ সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
