চট্টগ্রাম : ‘গান শুনুন একাত্ম হয়ে যান তবেই সমাজে অসংগতি দূর হয়ে যাবে। একটি গান সমাজের চিন্তা বদলে দেয়, নতুন মনস্তত্ব এনে দেয়। অনেক অনেক মৌলিক গান সৃষ্টি হউক। ছড়িয়ে পড়ুক বাংলা গানের শ্রুতি মাধুর্য।’
জি বাংলা সারেগামাপা খ্যাত শিল্পী শুভ দাশ ও এ সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ঐশী রক্ষিতের মৌলিক পুজোর গান ‘আগমনী’র আলপনা’-র শুভ মুক্তি উপলক্ষ্যে সোমেশ্বর নৃত্যালয়-এর উদ্যোগে গত ১৪ অক্টোবর ২০২৬ বৃধবার সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে সাংস্কৃতিকসন্ধ্যায় বক্তারা এ কথা বলেন।
বক্তারা আরো বলেন, ‘সময় বদলায় সব বদলে যায়। গান শোনার মাধ্যমের পরিবর্তন এসেছে। কিন্তু হাজার বছরের গান সবসময় একই রকম শুনে যাই।’
অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, আজিম গ্রপের পরিচালক অনুপ বরণ দাশ।
সংগীতশিল্পী ও বাকার সন্স গ্রুপ চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ সভাপতিত্বে অনুভূতি ব্যক্ত করেন সংগীতশিল্পী শুভ দাশ।

আবৃত্তিশিল্পী কংকন দাশের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক সুকান্ত চৌধুরী। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শ্রুতিশিখা নিবেদিত এই গানটির গীতিকার ডা. অম্বরীষ মিত্র, সুর করেছেন শুভ দাশ, সংগীতায়োজনে মলয় কুমার ইন্দু মুকেশ ও অনুজিত বড়ুয়া লিমন।
এ সময় সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী শুভ দাশ ও ঐশী রক্ষিত। নৃত্য পরিবেশন করে সোমেশ্বর নৃত্যালয়ের শিল্পীরা।
