ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড ও পটিয়া আসনের মনোনয়নপত্র বাছাইকালে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস এম ফজলুল হক, ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাছাইকালে এই পাঁচ আসনের মধ্যে চট্টগ্রাম–৬ রাউজান আসনে বিএনপির দুই প্রার্থী গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম–৫ হাটহাজারী আসনে বিএনপির ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনে বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম–১২ পটিয়া আসনে বিএনপির মোহাম্মদ এনামুল হকসহ ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড এবং চট্টগ্রাম–৫ হাটহাজারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন এই আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। অপরদিকে চট্টগ্রাম–৬ রাউজান, চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া এবং চট্টগ্রাম–১২ পটিয়া আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন এই আসনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। যাচাই–বাছাই শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনের ১০ প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল ও বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরীসহ ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। একইভাবে চট্টগ্রাম–৫ হাটহাজারী আসনের ১০ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস এম ফজলুল হক, ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল এবং বিএনপির ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
এদিকে চট্টগ্রামের ১০ আসনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা গতকাল মনোনয়নপত্র বাছাইকালে চট্টগ্রাম–৬ রাউজান আসনে বিএনপির দুই প্রার্থী গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। একইভাবে চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া আসনে ৯ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল এবং বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরীসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। চট্টগ্রাম–১২ পটিয়া আসনে ১১ প্রার্থীর মধ্যে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং বিএনপির বিএনপির মোহাম্মদ এনামুল হকসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসন : চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনে ১০ প্রার্থীর মধ্যে বাছাইকালে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীসহ ৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বৈধ অপর প্রার্থীরা হলেন– জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. শহীদুল ইসলাম চৌধুরী, গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. জাকারিয়া খালেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলা, গণঅধিকার পরিষদের এটিএম পারভেজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌল্লা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মছিউদ্দৌলা। এই আসনে শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. নুরুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
চট্টগ্রাম–৫ হাটহাজারী আসন : চট্টগ্রাম–৫ হাটহাজারী আসনের মনোনয়নপত্র বাছাইকালে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে আনিসুল ইসলাম মাহমুদসহ চারজনের মনোনয়ন বাতিল হয়।
চট্টগ্রাম–৬ রাউজান আসন : চট্টগ্রাম–৬ রাউজান সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাইকালে বিএনপির দুই প্রার্থী গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা ছাড়াও এ আসনে আরও তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান মঞ্জু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী ও গণসংহতি আন্দোলনের নাছির উদ্দীন তালুকদার।
চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া আসন : চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া আসনে মোট ৯ প্রার্থীর মধ্যে গতকাল মনোনয়নপত্র বাছাইকালে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এটিএম রেজাউল করিমসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। বৈধ ঘোষিত অন্য ৪ প্রার্থী হলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান, জাতীয় পার্টির মো. মেহেদী রাশেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল্লাহ আল হারুন এবং খেলাফত মজলিসের মো. আবুল কালাম। এই আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম–১২ পটিয়া আসন : চট্টগ্রাম–১২ পটিয়া আসনে মোট ১১ প্রার্থীর মধ্যে গতকাল মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এম ইয়াকুব আলীসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র। এই আসনের বৈধ প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হক, জামায়াতে ইসলামীর ডা. ফরিদুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মো. পেয়ারু, গণঅধিকার পরিষদের ডা. এমদাদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম বেলাল নুর, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আবু তালেব হেলালী ও জাতীয় পার্টির ফরিদ আহমদ চৌধুরী।
প্রসংগত উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়নপত্র বাছাই শুরু হয় গত ৩০ ডিসেম্বর থেকে। মনোনয়নপত্র বাছাই শেষ হবে আজ ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা; চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
