বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

জামায়াতের সঙ্গে জাতীয় ঐক্যমতের সরকার গঠনের সম্ভাবনা আবারও নাকচ করলেন বিএনপির চেয়ারপার্সন।

নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : ডয়চে ভেলেকে জনাব তারেক রহমান

যারাই গুম, খুনে জড়িত ছিলো তাদের সবার বিচার করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকাল মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি রাতে প্রচারিত জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবে। আগামীকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে তারেক রহমান বলেন, আমরা আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে। মানুষেরও তাই প্রত্যাশা। আমরা আশাবাদী।

তিনি ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে নির্বাচনমুখী রাজনীতিতে সক্রিয় হওয়াকে নিজের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘চ্যালেঞ্জটা হয়তো কিছুটা খুব সম্ভবত আমারই ছিল। এত বছর পরে এসেছি, আসার পরে মানুষের চোখেমুখে একটা প্রত্যাশা দেখেছি। এটা হলো রাজনৈতিক দিক, অন্যদিকে আসার পাঁচদিন পরেই আম্মা মারা গেলেন। উনি অসুস্থ ছিলেন অনেক দিন ধরে। স্বাভাবিকভাবে এটাও একটা খুব কষ্টকর বিষয় আমাদের সবার জন্য। আমরা পরিবার যে একসাথে বসে নিজেদের কষ্টটা ভাগ করে নেবো, সেই সুযোগটা বা সময়টা হয়নি। কারণ আমরা একদম নির্বাচনের ডামাডোলের ভিতরে। একদিকে নির্বাচনী ডামাডোল অন্যদিকে ব্যক্তিগত বিষয়টা, দুটোর সামঞ্জস্য রেখে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি হয়তো এই চ্যালেঞ্জটা মোটামুটিভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি আমি।’

আসন্ন নির্বাচনে তরুণ ও প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে যাওয়া ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘দেখুন আপনি যদি আমাদের মেনিফেস্টোটা দেখে থাকেন, যেটা আমরা কয়েক দিন আগে জাতির সামনে উপস্থাপন করেছি, সেখানে কিন্তু আমরা সমাজের তরুণদের জন্য, একইভাবে এখানে বয়স্ক যারা আছেন তাদের জন্য, একই সঙ্গে যারা দেশে চল্লিশ লাখ প্রতিবন্ধী আছেন তাদের জন্য, একই সঙ্গে বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক যে নারী, তাদের ক্ষমতায়নের জন্য আমরা পরিকল্পনা রেখেছি। কর্মসূচি রেখেছি, বিশেষ করে শুধু তরুণদের জন্য না, সকলের জন্য কারণ দেশটা গঠন করতে হবে সকলকে নিয়ে।’

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে করা প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপার্সন বলেন, ‘অবশ্যই আমরা যদি দেখি এমন কোন চুক্তি হচ্ছে যেটা বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থি, বাংলাদেশের স্বার্থের পরিপন্থি, সেটা যেকোনো দেশের সাথেই হোক না কেন তাদের সাথে স্বাভাবিকভাবেই দূরত্ব হবে। কারণ আমি তো প্রতিনিধিত্ব করি আমার দেশের মানুষকে। কাজেই যে কোন দুই দেশের মধ্যে যদি কোন চুক্তি হয়, যেটা আমার দেশের স্বার্থের সঙ্গে যাবে না, সেক্ষেত্রে যে কারো সঙ্গেই আমাদের এরকম দূরত্ব হতে পারে।’

ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ নিয়ে চীনের বাড়তি আগ্রহ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে যদি আমরা চিন্তা করি আমাদের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক থাকবে, আমরা একা বসবাস করতে পারব না। গ্লোবাল ভিলেজ বলা হয় এখন পৃথিবীকে। কাজেই আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে। আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশে যাবে চাকরিবাকরি বিভিন্ন কারণে। কাজেই আমার দেশের স্বার্থ যেখানে বজায় থাকবে, দেশের মানুষের স্বার্থ যেখানে বজায় থাকবে, আমাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হবে।’

জামায়াতের সঙ্গে জাতীয় ঐক্যমতের সরকার গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে বিএনপির চেয়ারপার্সন বলেন, ‘আমরা কনফিডেন্ট যে, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো। আমরা সরকার গঠনে সক্ষম হবো এককভাবে। সেক্ষেত্রে তো কাউকে অপজিশনে থাকতে হবে। কারণ একটা ব্যালেন্সড রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্সড সরকার যদি হতে হয় তাদের সেক্ষেত্রে অপজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে?’

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন এটা তো পুরো রাজনীতি। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে। কাজেই আমি মনে করি, রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আর যাকে মানুষ গ্রহণ করবে না, যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না, ৫ অগাস্ট যার উদাহরণ।’

দুর্নীতি ও ঋণখেলাপি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে জনাব তারেক রহমান বলেন, ‘দুর্নীতি এবং ঋণগ্রস্ত বা ব্যাংক ডিফল্ট দুটো ভিন্ন জিনিস। আমাদের দলের লক্ষ নেতাকর্মীর নামে বিগত স্বৈরাচার সরকার কেস দিয়েছিল। আমাদের দলের মধ্যে যারা আছেন, যারা আমাদের দলীয় রাজনীতির সঙ্গে আছে, যারা ব্যবসা বাণিজ্য করে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। তাদের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। তাদের ব্যবসা বাণিজ্য চলতে দেওয়া হয়নি। তাদের বাধাগ্রস্ত করা হয়েছে। তাদের ন্যায্য ব্যাংক লোন যেটা আছে সেটা তাদের দেওয়া হয়নি। কাজেই এরকম একটি অবস্থার মধ্যে আমাদের লোকজন, আমাদের ব্যবসায়ীরা, আমাদের নেতাকর্মীরা যারা ব্যবসা বাণিজ্য করতেন তাদের জন্য তো এরকম ডিফল্ট হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। দুর্নীতি এবং ডিফল্ট হয়ে যাওয়ার মধ্যে সম্পর্ক তো নেই। দুটো একদম ভিন্ন জিনিস।’

গুম, খুন ও রাজনৈতিক নিপীড়কদের বিচার প্রসঙ্গে বিএনপির চেয়ারপার্সন বলেন, ‘অবশ্যই আমাদের পরিকল্পনা আছে। কারণ আমাদের নেতাকর্মীরা যেরকম গুম খুনের শিকার হয়েছে, অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল তারা গুম খুনের শিকার হয়েছে। হয়তো সংখ্যা কম বেশি হবে। এমনকি অনেক মানুষ আছেন যারা রাজনীতির সঙ্গে জড়িত না। কিন্তু তারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। এটি একটি অন্যায় ব্যাপার। একটি সভ্য দেশে মানুষ গুম হয়ে যাবে, দেশের মানুষ খুন হয়ে যাবে কিন্তু তার কোনো বিচার হবে না এটা তো হতে পারে না। কাজেই দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা মানুষ কারো সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে তার বিচার পাবার অধিকার আছে।’

সম্পর্কিত খবর

দেশের সব প্রতিষ্ঠান ও দেশের অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনেক বড়। এখানে টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ’ তিনি বলেন,...

আর্জেন্টিনা সেমিফাইনালে : ১০ জন নিয়েও লড়াকু সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড ১ : ৩ আর্জেন্টিনা  ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর শেষ কোয়ার্টার-ফাইনালে ক্যানসাস সিটিতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে নিজেদের নাম...

জীবন উৎসর্গকারী শহীদের নাম যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব : চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয়  মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাইয়ের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে চট্টগ্রাম...

পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে : সাতকানিয়ায় ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামে টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়া উপজেলায়। পানিবন্দী মানুষের দুর্ভোগের...

মানবিক দায়িত্ব পালনে সাতকানিয়ার বন্যাকবলিত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

চট্টগ্রাম : মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। সম্প্রতি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের...

শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য কৌশিক ভট্টাচার্য্য তোমার আমার প্রথম দেখাটা মনে আছে? একটা ভিন্নরকম ব্যাপার ছিলো, তাই না| সমুদ্র দেখতে গিয়েছিলাম, তুমিও সেদিন সমুদ্রের ধারে জলকেলি করছিলে| চুপিসারে তুমি আমায় দেখছিলে পিছু...
সর্বশেষ সর্বাধিক পঠিত