ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রবিবার ৭ জুন বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের এটিই প্রথম বাজেট অধিবেশন।
এর আগে গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক (গণসংযোগ) সাইদুজ্জামান সাঈদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্র জানা গেছে, রবিবার অধিবেশনে দিনের কার্যসূচির মধ্যে রয়েছে অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আর্কষণের নোটিশ নিষ্পত্তি।
এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন করা হবে। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করার সম্ভাবনা রয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম গতকাল শনিবার ৬ জুন গণমাধ্যমকে বলেন, ১১ জুন বাজেট উপস্থাপন করা হবে। ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ৩০ জুন বাজেট পাস করতে হবে। তাই প্রতিদিন সকাল-বিকেল দুইবেলা বৈঠক হতে পারে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা যারে উল্লেখযোগ্য একটি অংশ ঘাটতি থাকার জোর সম্ভাবনা রয়েছে। বাজেটে আগামী (২০২৬-২৭) অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার।
