বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

বিতর্কিত পেনাল্টি গোলে সেনেগালের বিদায় : শেষ ষোলোতে লুকাকুর বেলজিয়াম

ক্রিড়া প্রতিবেদক

বেলজিয়াম ৩ : ২ সেনেগাল

শেষ বত্রিশের ম্যাচটিতে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল বেলজিয়াম। সেখান থেকে তিন মিনিটে দুই গোল করে ২-২ সমতা ফেরায় তারা। অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে একটি বিতর্কিত পেনাল্টিতে তৃতীয় গোল করে ৩-২ ব্যবধানের জয়ে শেষ ষোলোয় ওঠে ইউরোপের ফুটবল পাওয়ার দেশটি।

ম্যাচের ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যেতে পারত সেনেগাল। বাঁ দিক থেকে ইসমাইল জ্যাকবসের দারুণ ক্রসে গোলরক্ষক থিবো কোর্তোয়া ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও ক্লিয়ার করতে পারেননি। ছুটে যাওয়া ইসমাইলা সারও ঠিকমতো শট নিতে পারেননি, কোনোমতে তার পায়ে বল লেগে পোস্টে বাধা পায়। শুরু থেকে ইতিবাচক ফুটবল খেলা সেনেগালের গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। ২৫তম মিনিটে বাঁ দিক থেকে সাদিও মানে চমৎকার ক্রস দেন বক্সে, ইসমাইলা সারের হেড কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে, তবে কাছ থেকে জালে পাঠান হাবিব জা।

প্রথমার্ধে বেলজিয়াম তেমন কিছুই করতে পারেনি। এই সময়ে তারা গোলের সবচেয়ে কাছাকাছি যেতে পারে ৪৫তম মিনিটে। বক্সের বাইরে থেকে মাক্সিম ডি কাইপারের জোরাল শট ঝাঁপিয়ে এক হাতে ব্যর্থ করে দেন সেনেগাল গোলরক্ষক মোহি জাও।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দারুণ একটি সুযোগ হারান প্রথম গোলদাতা জা। বক্সের ভেতর বাঁ দিক থেকে চমৎকার কাট-ব্যাক করেন মানে, কিন্তু পেনাল্টি স্পটের কাছ থেকে বাইরে মারেন জা।পরের মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করে সেনেগাল। নিজেদের অর্ধ থেকে হাওয়ায় ভাসিয়ে থ্রু বল বাড়ান মুসা নিয়াখাতে। ইসমাইলা সার বেলজিয়ামের দুই সেন্টার-ব্যাককে পেছনে ফেলে এগিয়ে যান এবং দারুণভাবে বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নেন। এরপর বক্সে ঢুকে জোরাল হাফ-ভলিতে কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি। চলতি আসরে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল হলো চারটি।

এই অর্ধের শুরুতেই দেশের রেকর্ড গোলস্কোরার লুকাকুকে নামান বেলজিয়াম কোচ। দ্বিতীয় গোল হজমের পর তুলে নেওয়া হয় কেভিন ডে ব্রুইনে ও জেরেমি ডোকুকে। কিন্তু কোনো লাভ হচ্ছিল না কিছুতেই। ৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে টিলেমান্সের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। পরের মিনিটে অন্য প্রান্তে মানের শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি কোর্তোয়া।

এরপরই ১৬১ সেকেন্ডের একটি ঝড়ে অভাবনীয়ভাবে পাল্টে যায় সবকিছু। ৮৬তম মিনিটে ডান দিক থেকে তমাস মুনিয়েরের পাসে কাছ থেকে নিখুঁত ফ্লিকে ব্যবধান কমান লুকাকু।বেলজিয়ামের জার্সিতে ১৩০ ম্যাচে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের গোল হলো ৯২টি। ৮৯তম মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। ডান দিক থেকে লেয়ান্ড্রো ট্রসাড ক্রস দেন বক্সে, এগিয়ে গিয়ে পাঞ্চ করার চেষ্টায় ব্যর্থ হন সেনেগাল গোলরক্ষক জাও, হেডে ফাঁকা জালে বল পাঠান টিলেমান্স এবং তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

১১৮ তম মিনিটে আসে সেনেগালের বিরুদ্ধে বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত।  বাঁ দিক থেকে মোরেইরার ক্রস প্রতিহত হয়ে বল যায় লুকেবাকিওর কাছে, ছয় গজ বক্সের বাইরে থেকে তার শট ক্রসবার ছুঁয়ে উড়ে যায়। তবে ক্রসটি আসার সময় ইউরি টিলেমান্স ফাউলের শিকার হয়েছেন বলে দাবি করে বেলজিয়াম। রিপ্লেতে দেখা যায়, সেনেগালের লামিন কামারা ক্রসটি ক্লিয়ারের চেষ্টায় বল স্পর্শই করতে পারেননি। বরং তার পা লাগে পেছন থেকে ছুটে যাওয়া টিলেমান্সের পায়ে। ধারাভাষ্যকার বলছিলেন, পেনাল্টি দেওয়া হলে সেনেগালের জন্য নির্মম হবে। ভিএআরে পর্যালোচনার পর, মনিটরে দেখে পেনাল্টিই দেন রেফারি।

সিদ্ধান্তটি নিয়ে আপত্তি জানায় সেনেগাল। এমনকি সেনেগালের এক ডিফেন্ডার পেনাল্টি স্পটের কাছে অনেকক্ষণ পড়ে থাকেন! কোনোভাবেই সরানো যাচ্ছিল না তাকে। প্রথমে পেনাল্টি কিক নিতে প্রস্তুত হতে দেখা যায় রোমেলু লুকাকুকে। পরে কিক নিতে আসেন টিলেমান্স। ১২৫তম মিনিটে তিনি ঠাণ্ডা মাথায় স্পট কিকে বল জালে জড়িয়ে বেলজিয়ামকে নকআউট পর্বের পরবর্তী রাউন্ডে পৌঁছে দেন আর সেনেগালের ভগ্ন হৃদয়ের কারণ হয়ে দাঁড়ান।

সম্পর্কিত খবর

দেশের কাঙ্খিত উন্নয়নে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা বলেছেন, পরিকল্পিত জনসংখ্যা আলোকিত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হলে সাম্যের ভিত্তিতে...

দেশের জনগণের উন্নত জীবনযাপন বর্তমান সরকারের লক্ষ্য ও রাজনৈতিক দর্শন : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতদিন বিএনপির সঙ্গে থাকবে, ততদিন কোনো...

চট্টগ্রাম কক্সবাজার রুটে পাঁচদিন পর ট্রেনের যাত্রা শুরু

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় ট্রেন যাত্রা শুরু হয়েছে। রোববার ( ১২ জুলাই ) ভোর...

চট্টগ্রামের মানুষকে নিরাপদ ও ডেঙ্গুমুক্ত রাখতে আমরা প্রস্তুুত : স্বাস্থ্য পরিচালক

চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। এটি মোকাবেলায় বর্তমান সরকারের...

শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য কৌশিক ভট্টাচার্য্য তোমার আমার প্রথম দেখাটা মনে আছে? একটা ভিন্নরকম ব্যাপার ছিলো, তাই না| সমুদ্র দেখতে গিয়েছিলাম, তুমিও সেদিন সমুদ্রের ধারে জলকেলি করছিলে| চুপিসারে তুমি আমায় দেখছিলে পিছু...

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা কেন বারবার ভেঙে পড়ছে? আবারো যুদ্ধের দ্বারপ্রান্তে দুই দেশ—উত্তরণের পথ কোথায়?

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক গত চার দশকেরও বেশি সময় ধরে অবিশ্বাস, নিষেধাজ্ঞা, প্রক্সি সংঘাত এবং পারমাণবিক কর্মসূচিকে ঘিরে টানাপোড়েনের প্রতীক। বিভিন্ন সময়ে...
সর্বশেষ সর্বাধিক পঠিত