চট্টগ্রাম অফিস- প্রতিবছর বাঁশখালীবাসীকে যাতে আর বন্যা মোকাবেলা করতে না হয় সেজন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব বিলোপের পথে।
যার ফলে স্বাভাবিক বৃষ্টি হলেই দুই কুল ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এজন্য খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ সৃষ্টি করা হবে, যাতে দ্রুততম সময়ে পানি নেমে যেতে পারে। পাহাড়ের ঢল যাতে মানুষের বসতবাড়ি না ঢুকে, সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
শনিবার ( ৮ জুলাই ) বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন। বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ উপলক্ষে বাঁশখালীতে গতকাল মন্ত্রী আসাদুল হাবিব দুলু উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
