রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করছেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সংসদে মোট ৩৫০টি আসন থাকলেও এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে একজন ভোটার কমেছে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
