মনিরুল মনির সুহৃদ পর্ষদ-এর উদ্যোগে আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘শব্দের সহচরে আগুনপাখি’ শীর্ষক কবি, সম্পাদক ও প্রকাশক মনিরুল মনিরের কবিতা ও জীবনভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে কথামালা বা আলোচনায় অংশ নেবেন কবি, কথাসাহিত্যিক, লেখক ও শুভানুধ্যায়ীগণ। এ সময় কবিতাপাঠ, আবৃত্তি ও গান পরিবেশিত হবে।
উল্লেখ্য, কবি মনিরুল মনির জন্মগ্রহণ করেন ০২ সেপ্টেম্বর ১৯৭৬, কুমিল্লা। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ : ‘ঘর বদলের মানচিত্র’ (২০০৭), ‘শব্দের অনন্ত অন্তর’ (২০১০), ‘নোঙরের মাতাল দরজা’ (২০১৪)। ইতিহাস-ঐতিহ্য : ‘চট্টগ্রাম’ (২০১৭) কলকাতা। প্রকাশিতব্য : ‘চট্টগ্রামের আড্ডা চর্চার ইতিহাস’, ‘চট্টগ্রামের মুদ্রণ শিল্পের ইতিহাস’, ‘প্রফেসর জামাল নজরুল ইসলাম’, ‘ডা. এম এ হাসেম’। সম্পাদনা : ছোট পত্রিকা ‘কাকাতিতা’ (গ্রাম বিষয়ক), ‘খড়িমাটি’, ‘এনেসথেসিয়া’ (ফালগুনী রায় সংখ্যা)।
তিনি ছাত্র জীবনে বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ছাত্র ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিলের রাজনৈতিক আদর্শ ধারণ করতেন। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ লেখক শিবির’-এর চট্টগ্রাম জেলার সম্পাদক ও কেন্দ্রীয় পর্ষদের সদস্য ছিলেন। ২০১৪ সালে পাকাপাকিভাবে সংগঠন ও রাজনীতি ছেড়ে দেন।
তিনি মূলত কবি। দীর্ঘ ৩০ বছর ধরে কবিতাচর্চার সঙ্গে যুক্ত। সাংবাদিকতা করেছেন। বেক্সিমকো মিডিয়ার ‘আনন্দভুবন’ বিনোদন পত্রিকায় প্রদায়ক ও সহ-সম্পাদক ছিলেন। ‘সুপ্রভাত বাংলাদেশ’ দৈনিক পত্রিকার ফিচার সম্পাদক ও বার্তা বিভাগে সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ছোটকাগজ সম্পাদনা করছেন। ছোটকাগজ খড়িমাটি গত শ্রাবণে পূর্ণ করল ২৪ বছর। এই সতের বছরের পথ চলায় খড়িমাটি বের করেছে ২৭টি ঋদ্ধ সংখ্যা। কবিতা ও মননচিন্তার প্ল্যাটফর্ম হিসেবে ছোটকাগজের অনিবার্যতাকে তুলে ধরার প্রয়াসে বাঙলা ১৪০৯ সনে অর্থাৎ ২০০২ সনে যাত্রা শুরু করে ‘খড়িমাটি’। ছোটপত্রিকা আন্দোলনে সহযোদ্ধা হয়ে খড়িমাটি’র কবি ও লেখকবৃন্দ এই চর্চায় ধ্যান রেখেছেন। আগ্রহ নিয়ে সকল কর্মকাণ্ডে নিয়োজিত হয়েছেন। আগামীতে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সংখ্যা বের করার পরিকল্পনা রয়েছে। ছোটকাগজকে প্রকাশনার প্রয়াসে নানারকম বই খড়িমাটি প্রকাশিত হয়েছে। কবিতা, গল্প, প্রবন্ধ, বিতর্ক, নিবন্ধের নিরীক্ষাধর্মী প্রায় ৬০০ বই।
