কক্সবাজার : কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন আরো দুইজন।বুধবার ২১ অক্টোবর সন্ধ্যায় হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র অনুসারে, বুধবার সন্ধ্যায় পর্যটকদের একটি দল হিমছড়ির ওই সৈকতে গোসল করতে নামে। এ সময় সাগরের ঢেউ ও তীব্র স্রোতের কবলে পড়ে কয়েকজন পর্যটক পানিতে ভেসে যেতে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির সূত্র অনুসারে, এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং দুইজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন- ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার বাসিন্দা মুকাররম হোসেনের ছেলে রোহান (২৩), শহীদুল ইসলাম (২৩) ও চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মো. আকাশ (২১)। নিখোঁজরা হলেন- চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মো. কবিরের ছেলে মো. হারুন (২০) ও অন্যজন হলেন ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২)।
